মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ
ঝালকাঠি শহরের সার্কিট হাউজ-এর পেছনে শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং দুজন আহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে শ্মশানঘাট এলাকার একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করে বলেন, এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই অসহায় ও স্বল্পআয়ের, যাদের এই ক্ষতি অপূরণীয়।
তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য কামনা করেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি এই দুর্যোগে প্রশাসনসহ সবাইকে এগিয়ে এসে মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
অপরদিকে, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।