মনিরুজ্জামান মনির, ঝালকাঠি : দেশের প্রথম জেলা হিসেবে জনস্বাস্থ্য সুরক্ষায় ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে একটি সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান। আগামী ২৪ মার্চ শহরের বড় বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার।
অস্বাস্থ্যকর পরিবেশ দূর করে জনস্বাস্থ্যঝুঁকি কমানো এবং একটি টেকসই পরিচ্ছন্ন নগর গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে গৃহস্থালি ও বাজারের বর্জ্য যত্রতত্র এবং অনিরাপদভাবে ফেলে দেওয়ার প্রবণতা একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। অনেকেই এখনো এ বিষয়ে সচেতন নন। ফলে শহরের পরিবেশ দিন দিন নোংরা হওয়ার পাশাপাশি বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এই বাস্তবতায় ড. জিয়াউদ্দিন হায়দার-এর নেতৃত্বে শুরু হতে যাওয়া এই উদ্যোগ জনস্বাস্থ্য ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বড় বাজার এলাকায় দীর্ঘদিন জমে থাকা বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং মাছ, মাংস ও সবজি মার্কেটের নোংরা পরিষ্কারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. জিয়াউদ্দিন হায়দার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণকে এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বর্জ্য ব্যবস্থাপনাকে নিয়মতান্ত্রিক করা ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, অপরিচ্ছন্ন বাজার পরিবেশ ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জৈব ও অজৈব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়ন সম্ভব।
এ উদ্যোগ বাস্তবায়নে বিএনপি, জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা এবং স্থানীয় নাগরিকদের সমন্বয়ে একটি কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উদ্যোক্তারা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু একটি বাজার নয়, বরং পুরো জেলায় স্বাস্থ্য সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার একটি শক্তিশালী সামাজিক আন্দোলন তৈরি হবে।